
জনস্বার্থ ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার সিলেট শহরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক মহাসমাবেশের ডাক দিয়েছে আধ্যাত্মিক ও সামাজিক সংগঠন ‘আশেকানে আউলিয়া বাংলাদেশ’।
আসন্ন এই মহাসমাবেশকে কেন্দ্র করে সংগঠনের চেয়ারম্যান, প্রবীণ ও সিনিয়র সাংবাদিক জনাব জামান চৌধুরী সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জোর আহ্বান জানিয়েছেন।
এক যৌথ আহ্বানে আশেকানে আউলিয়া বাংলাদেশের চেয়ারম্যান জামান চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব সোহেল তালুকদার বলেন, আগামী শনিবার বিকেল ৪টায় সিলেটের প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ বলেন, আমাদের এই আয়োজন সর্বস্তরের মানুষের অধিকার ও ন্যায্য দাবি তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। মহাসমাবেশে সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উপস্থিতি ও সোচ্চার কণ্ঠস্বর আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
আয়োজকদের পক্ষ থেকে সিলেটের সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কৃষক, ছাত্র-যুবসমাজসহ সকল স্তরের সচেতন জনসাধারণকে যথাসময়ে কোর্ট পয়েন্টে উপস্থিত থেকে মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত ও সর্বাত্মকভাবে সফল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এদিকে শনিবারের মহাসমাবেশকে ঘিরে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং সর্বস্তরের মানুষের মাঝে এক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।