1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্বপন কুমার ঢালী : একসময় গ্রামবাংলার গাছপালা ও বাড়ির আঙিনায় সহজেই দেখা মিলত কদবেল গাছের। মৌসুমি এই ফলের চাহিদা এখনও রয়েছে মানুষের মধ্যে। সেই চাহিদাকে কাজে লাগিয়ে কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ। প্রতিদিন ঢাতা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কদবেল বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছেন তিনি।

নাম বিশ্বজিৎ মজুমদার, ডাক নাম সবু। বয়স ষাট ছুঁই ছুঁই। ঢাকা, নারিন্দা এলাকায় বাসা তার।
গতকাল মঙ্গলবার ঢাকা শহরের নারিন্দা এলাকার গৌড়ীয় মঠ মন্দির সামনে রাস্তার একপাশে ভ্যান সাজিয়ে বিক্রি করছেন। এসময় তার কাছ থেকে অনেকেই কদবেল কিনে নিতে দেখা যায়। কিশোর কিশোরী, যুবক যুবতী, বয়স্ক নর নারীসহ বিভিন্ন বয়সের, ধর্মের, পেশার, মানুষ এসে ভ্যানের ওপর থেকে তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী কিনে নিচ্ছেন।

সরেজমিনে দেখা যাচ্ছে, ঢাকা শহরের শহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, গৌড়ীয় মঠ এলাকায় ছোট ভ্যানগাড়িতে ছোট বড় বিভিন্ন আকৃতির কদবেলের পসরা সাজিয়ে তিনি বিক্রি করেন পাকা কদবেল। পথচারী ও স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁর কাছ থেকে কদবেল কিনে বাড়ি নিয়ে যান। কেউ কেউ আবার ঘটনাস্থলেই কদবেল ভেঙে শাঁস বের করে খাওয়ার জন্য কিনে নেন। এছাড়া বিশ্বজিৎ পাকা কদবেল দিয়ে বিভিন্ন মশল্লা সম্পুক্ত করে আচার তৈরি করে ঝুঁড়িতে সাজিয়ে রেখেছেন। তৈরিকৃত এসব আচার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা কিনে নিতে দেখা গেছে।

কদবেলের মৌসুম শুরু হলে বিভিন্ন এলাকা থেকে কদবেল সংগ্রহ করে শহরে এনে বিক্রি করেন। প্রতিদিন কদবেল বিক্রি করে সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর মিটিয়ে থাকেন। তবে প্রতিদিন সমান বিক্রি হয় না। কখনো ভালো বেচাকেনা হলেও কোনো কোনো দিন কিছু কিছু অবিক্রীত কদবেল নিয়ে বাড়ি ফিরতে হয়।
কদবেল বিক্রেতা বিশ্বজিৎ মজুমদার বলেন, পরিবারের সদস্যদের ভরণপোষণ ও নিত্যদিনের খরচ মেটাতে নিয়মিত কাজের প্রয়োজন। স্থায়ী কোনো চাকরি বা ব্যবসা না থাকায় মৌসুমি ফল বিক্রিই তাঁর আয়ের অন্যতম উৎস। তাই কদবেলের মৌসুমে একটু বেশি পরিশ্রম করে আয় করার চেষ্টা করেন ।

পুষ্টিবিদদের সাথে কথা বলে জানা গেছে, কদবেল লিভার ও পাকস্থলী সুরক্ষা করে। এছাড়া আলসার ও পাইলস রোগের নিরামর করে।
এবিষয় পটুুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. জেসমিন আরা ফারহানা বলেন, প্রতি ১০০ গ্রাম কদবেলে প্রায় ১৪০ ক্যালোরি শক্তি থাকে, যা শরীরকে চাঙ্গা রাখে এবং কর্মক্ষমতা বাড়ায়।

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার বলেন, ‘ নিয়মিত কদবেল খেলে এতে থাকা থায়ামিন ও রিবোফ্লাভিন লিভার সুস্থ রাখে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কিডনি ভালো রাখতে সহায়তা করে। কদবেলে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে এবং সর্দি-কাশি বা ইনফেকশনের বিরুদ্ধে লড়তে শক্তি জোগায়। এছাড়া হাঁপানি, ব্রঙ্কাইটিস ও গলা ব্যাথার মতো শ্বাসতন্ত্রের সমস্যা কমাতে এটি বেশ কার্যকর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট