
এখন সিলেট ডেক্স :: জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষ্যে সোমবার (০৯ মার্চ) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। ঈদে মানুষের ভোগান্তি কমাতে চুরি ও ছিনতাই রোধ এবং যানজট নিরসনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় সেজন্য অপ্রাপ্ত বয়স্করা যেন মোটর সাইকেল চালানো হতে বিরত থাকে এবং ভ্যান বা ট্রাকে সাউন্ড বক্স নিয়ে বের না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
মো. সারওয়ার আলম বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং যানবাহনের ভাড়া যেনো নিয়ন্ত্রনে থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসময়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে। কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর সিলেট শাখা, ০২৯৯৬৬৩২১৮৮ এবং মোবাইল নম্বর ০১৭৬৫৪৫৩৮৯৬/০১৭৬৫৪৫৩৮০৩। জরুরী প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।
পবিত্র ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা শেষে ২৫শে মার্চ কালরাত্রি ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
#