
এখন সিলেট ডেক্স :: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।

আজ (শনিবার) সকালে নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
মন্ত্রী বলেন, সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই সিলেটে এসব কর্মকান্ড বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।
সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না সে বিষয়টিও দেখা হবে।
একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুরের স্টেট কলা একাডেমীর ইলাংবাম জয়ন্ত সিংহ, প্রমুখ।
পরে মন্ত্রী সার্কিট হাউসে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিলেটের কর্মকর্তার সাথে কৃষি খাতে চলমান প্রকল্পগুলো নিয়ে বৈঠক করেন। এসময় তিনি শুষ্ক মৌসুমে কৃষকদের চাষ নির্বিঘ্ন রাখতে সেচ প্রকল্প এবং জনগণের জন্য উপকারী কাজগুলো দ্রুত শেষ করার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম উপস্থিত ছিলেন।