
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীসহ দেশের সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারনকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাবেক সভাপতি আব্দুর রহমান রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল আনুষ্ঠানিক পশু কোরবানি নয়, এটি আমাদের ত্যাগের চূড়ান্ত শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর সেই মহান আত্মোৎসর্গের স্মৃতিকে স্মরণ করে আমাদের ভেতরের অহংকার, হিংসা, লোভ ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন।
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ভাতৃত্ববোধের ওপর আলোকপাত করে বিশিষ্ট ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন বলেন, ইসলাম আমাদের সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল স্তরের মানুষ একসাথে সেই আনন্দে শরিক হতে পারে। আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ঈদের খুশি ভাগ করে নেওয়া আমাদের প্রত্যেকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ত্যাগের এই উৎসব যেন আমাদের হৃদয়ে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার এক নতুন দিগন্ত উন্মোচন করে।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক আব্দুর রহমান রিপন বলেন, কোরবানির পর নিজ নিজ আবাসিক ও সামাজিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে অপসারণ করতে হবে, যেন আমাদের চারপাশ সুন্দর ও স্বাস্থ্যকর থাকে।
শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। মহান আল্লাহ আমাদের সবার কোরবানি ও ইবাদত কবুল করুন। ঈদ মোবারক।