
সামাজিক সংগঠন ‘জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস) এর আগামী দুই বছরের মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত ১৮ আগস্ট মঙ্গলবার সিলেট নগরীর উপশহরস্থ গার্ডেন টাওয়ারের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দু’বছর ২০২৬-২০২৮ সেশনের জন্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হলেন- চেয়ারম্যান তমাল আহমদ মজুমদার, ভাইস চেয়ারম্যান অরবিন্দু বর্মন, কাজী কাশমির রেজা, সৈয়দ আসলাম হোসেন, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ বোরহান উদ্দিন, সেক্রেটারি সালমা বেগম, সহ-সেক্রেটারি আকলিমা বেগম, ট্রেজারার আবুল কালাম, সাংগঠনিক সেক্রেটারি রুকশানা বেগম, সহ-সাংগঠনিক সেক্রেটারি অপু কুমার দাস, প্রচার সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক অলীক বৈদ্য, ধর্ম বিষয়ক সম্পাদক আহসানুল হক, সমাজ সেবা বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ ও মহিলা বিষয়ক সম্পাদক রেজিয়া সুলতানা।
অনুষ্ঠানে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার নবনির্বাচিত চেয়ারম্যান ও সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী তমাল আহমদ মজুমদার বলেন, জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা সব সময় আর্তমানবতার সেবা এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে সিলেট অঞ্চলের সামাজিক উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ রক্ষায় আমরা নতুন কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। আমি আশা করি, নতুন কমিটির সকল সদস্য নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন এবং দেশ জাতি ও মানুষের কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থা থেকে আন্তরিকতার সাথে কাজ করবেন।
তিনি এই সংস্থার মত অন্যান্য সামাজিক সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিদেরকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।