এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কীটনাশক ব্যবসায়ীকে মারধর, দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী কবির ভূঁইয়া বাদী হয়ে আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে চৌধুরীপাড়া বাজারে কবির ভূঁইয়ার কীটনাশকের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় আহাদ ভূঁইয়া ও তার ছেলে আল আমিন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালান।
হামলায় বাধা দিতে গেলে দোকানে উপস্থিত সাবেক ইউপি সদস্য ধন মিয়া, ব্যবসায়ী জামাল তালুকদারসহ কয়েকজন আহত হন বলে অভিযোগ করা হয়েছে। পরে হামলাকারীরা দোকানে ভাঙচুর চালিয়ে একটি মোবাইল ফোনসহ আনুমানিক ৬০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করেন এবং ক্যাশ বাক্স থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ী কবির ভূঁইয়া অভিযোগ করে বলেন, হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, চড়া সুদের ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তারা অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আহাদ ভূঁইয়া। তিনি বলেন, ঘটনার সময় সামান্য তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। সেখানে কোনো হামলা, ভাঙচুর কিংবা টাকা লুটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।