এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঘমাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর গ্রামের কুদ্দুস দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ভাড়াটে শ্রমিকদের দিয়ে নৌকার মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করে প্রশাসনকে খবর দেন। তবে অভিযানের আগেই অবৈধ বালু উত্তোলনের মূলহোতা হিসেবে অভিযুক্ত কুদ্দুস পালিয়ে যান বলে জানা গেছে।
খবর পেয়ে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক চারজনকে প্রত্যেকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত নির্দেশ দেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন—আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, ইমন ও আলতাব আলী। তারা দোয়ারাবাজার ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূলহোতাসহ সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।