সিলেট নগরীর শাহপরান গেইটে পূবালী ব্যাংক পিএলসি শাহপরাণ গেইট শাখার উদ্যোগে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ‘সেলফ সার্ভিস কর্নার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শাখা প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো: ফজলুল কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার কোনো বিকল্প নেই। গ্রাহকদের সময় বাঁচাতে এবং দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন আর্থিক লেনদেনের সুবিধা দিতেই পূবালী ব্যাংক দেশজুড়ে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করছে। শাহপরাণ গেইট শাখায় এই সেলফ সার্ভিস কর্নার চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা এখন থেকে ২৪ ঘণ্টাই ক্যাশ জমা, উত্তোলনসহ স্বয়ংক্রিয় ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন। তিনি গ্রাহকদের এই আধুনিক সেবার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মো: ফজলুল কবির চৌধুরী বলেন, গ্রাহক সন্তুষ্টিই পূবালী ব্যাংকের মূল লক্ষ্য। সিলেট পূর্ব অঞ্চলের গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই সেলফ সার্ভিস কর্নার স্থাপনের ফলে গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে এবং ব্যাংকের ওপর মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি ইসলামপুর উপশাখার ব্যবস্থাপক মো. আব্দুল মালিক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ সেলফ সার্ভিস কর্নারের বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা ঘুরে দেখেন এবং ব্যাংকের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।